শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রায় প্রকাশ

৯ ডিসেম্বর, ২০২৪ ১৫:২৬  

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রতিবেশীদেশ ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর এবং তা প্রচার নিষিদ্ধ করার রায় প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রকাশিত রায়ের কপি বিটিআরসিসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে। সবশেষ রবিবার তার দেওয়া বক্তব্য বিদ্বেষমূলক কিনা খতিয়ে দেখে সরকারকে ব্যবস্থা নিতে হবে বলেও জানিয়েছিলে প্রসিকিউশন।

এর আগে গত ৫ ডিসেম্বর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই বিচারপতির ট্রাইব্যুনাল শেখ হাসিনা আগে যত 'বিদ্বেষমূলক' বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এছাড়া ওই নির্দেশনা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো, যেমন ফেসবুক ও এক্সকে পাঠানো হবে জানানো হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানান, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের এ আদেশ পাঠানো হবে ফেসবুক, এক্সসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে ভারতে রয়েছেন তিনি। সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা ধরনের মন্তব্য করে যাচ্ছেন। নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলে সেই বক্তব্য আবার নিজেই ছড়িয়ে দিতে বলছেন। সেগুলো আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।